গাজীপুর জেলার চান্দুরায় আলোচিত আলফাজ হত্যাকান্ডের সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন নিহতের মা নুরজাহান বেগম। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে নুরজাহান বেগম জানান, আলফাজ শেখ তার ছোট ছেলে। ২০২১ সালে তার ছেলের অস্বাভাবিক মৃত্যু হয়। সুরতহাল প্রতিবেদনে নাকে ও মুখে বিষের গন্ধ পাওয়া যায়। তার হাত ও পা বাঁকানো অবস্থায় ছিল। যা দেখে বোঝা যায় তাকে জোর করে বিষ পান করানো হয়েছিল। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেওয়ায় আদালতে মামলা করা হয়। কিন্তু এ মামলায় উল্টো হয়রানী করা হচ্ছে ভুক্তভোগী পরিবারের সদস্যদের।
তিনি আরো জানান, নিহতের স্ত্রী শিউলী শিল্পী পরকীয়া প্রেমে জড়িত। শুরু থেকে এটাকে আত্মহত্যা বলে সত্য ঘটনা চাপা দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু আলফাজ শেখ আত্মহত্যা করতে পারে না। তার অর্জিত অর্থ- সম্পদ লুটপাটের স্বার্থে তাকে বিষপান করানো হয়েছে। তিনি এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।



