প্রবাসের শৃঙ্খলিত জীবনের কর্মব্যস্ততাকে মাড়িয়ে ব্রিটেনের মাটিতে এখন ধুমধাম চলছে সামার ট্রিপের উৎসব। ব্রিটেনের কার্ডিফ কমিউনিটির উদ্যোগে কমিউনিটি সংগঠক ভিপি সেলিম আহমেদ, যুব সংগঠক খলিলুর রহমান, সামাজিক ব্যক্তিত্ব সুমন আলী ও সাংবাদিক মাহবুবুর রহমানের সার্বিক ব্যাবস্থাপনায় গত সোমবার
ওয়েলস থেকে ইংল্যান্ডের ডরসেট-এর বর্ণমাউথ সি-সাইডে কোচ বহরে যাওয়ার পথে রকমারি সুস্বাদু খাবারের পাশাপাশি গান, কৌতুক, আবৃত্তিসহ পিকনিক স্পটে হই হুল্লোড়-আনন্দের মাখামাখিতে সারাদিন রোমাঞ্চিত ছিলেন পিকনিকে অংশগ্রহণকারীরা।
সমুদ্রের পাড়ে কাবাডি খেলা, রশি টানা, হাঁড়ি ভাঙা কিংবা সাঁতার কাটা আর আনন্দের আয়োজন সব বয়সীদের জন্যই এক অপূর্ব স্মৃতি তৈরি করে দেয়।
ঐতিহ্যবাহী কাবাডি খেলায় সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের টিম ও রশি টানায় শেখ মোহাম্মদ আনোয়ারের টিম চ্যাম্পিয়ন এবং হাঁড়ি ভাঙায় ভূবেল রহমান বিজয়ী হয়েছেন।
ডিনার পার্টি শেষে আয়োজকদের পরিচালনায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণকালে
কাউন্সিলর সালেহ আহমেদ, কমিউনিটি সংগঠক মোহাম্মদ মকিস মনসুর, আলহাজ্ব লিলু মিয়া, হারুন তালুকদার, লিয়াকত আলী ও আসাদ মিয়াসহ কমিউনিটির বিশিষ্টজনরা বক্তব্য প্রদানকালে নবীন ও প্রবীণদের এই মেলবন্ধন এবং চমৎকার আয়োজন নিশ্চয়ই কার্ডিফ কমিউনিটির মধ্যকার ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করে আগামীতে এররকম আয়োজন অব্যাহত রাখার আহবান জানান।



